দুপুর আড়াইটা। নগরের ফুসফুস নামে পরিচিত সিআরবির শিরীষ তলায় চার শতাধিক শিশুদের আনাগোনা। কিন্তু দূর থেকে বোঝার উপায় নেই তারা কেন এখানে জড়ো হচ্ছে। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই ৮ বছরের শিশু ইয়াসমিন জানায়, বোতল দিলে আমাকে ঈদের জামা দেবে। তাই আমি আম্মাকে সঙ্গে করে নিয়ে আসছি ঈদের জামা নিতে।
ইয়াসমিনের মতো ৪০০ সুবিধাবঞ্চিত পথ শিশু শুক্রবার প্লাটিক বর্জ্যের বিনিময়ে পেল ঈদের জামা। নগর ফুল নামের একটি সংগঠনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী সিআরবির শিরীষতলায় চলে এই বিনিময় উৎসব।
নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ দেশ রূপান্তরকে বলেন, আমরা ২০১৫ সাল থেকে নগরের সাতটি স্থানে পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এই কাজে আমাদের সহযোগিতা করেন।
তিনি বলেন, আমরা যখন নগরফুল শুরু করি তখন আমাদের এই পত শিশুদের সংখ্যা ছিল ৬০ জনের মতো এবং আমরা সীমিত আকারে তাদের সব কিছু নিশ্চিতের চেষ্টা করতাম। কিন্তু সময়ের সাথে আজকে আমরা আমাদের ৭ পয়েন্টে এক হাজার পথ শিশুদের প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ঈদের জামা দিতে পারলাম।
ডিসি হিল এলাকা থেকে মাকে সঙ্গে নিয়ে এসেছে তাহরিমা। দেশ রূপান্তরকে জানায়, আমার আম্মা বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক কুড়ায়। সেগুলো আমি উঠায় রাখছিলাম। আজকে এখানে বোতল দিয়ে আমার জন্য ঈদের জামা নিতে পারলাম
একই কথা সায়ুফ নামের এক শিশুর মুখেও। সে জানায়, বোতল মানুষ ব্যবহারের পর ফেলে দেয়। আমরা সেগুলো কুড়িয়ে নিয়ে আসি বিক্রির জন্য। কিন্তু আজকে আর বিক্রি করিনি। বোতল জমা দিয়ে আজকে ঈদের জামা নিলাম।
প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ঈদের পোশাক এমন আইডিয়া কিভাবে আসছে জানতে চাইলে নগর ফুলের ডিসি হিলসের সমন্বয়ক মুন দাশ রাহুল দেশ রূপান্তরকে বলেন, নগরের খাল, নালা ও সড়কগুলো প্লাস্টিক বর্জ্যের কারণে পানি আটকে থাকে। এসব প্লাস্টিক পচে না। যার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিই তাদের থেকে আমরা সেগুলো নিয়ে বিনিময়ে তাদের আমরা ঈদের পোশাক দেব। এতে পরিবেশে প্লাস্টিকের পরিমাণ কিছুটা কমবে, অন্যেদিকে আমাদের এই সুবিধাবঞ্চিত বাচ্চারা আনন্দের সাথে নতুন জামা পরে ঈদ করতে পারবে।
সিআরবি এলাকা দিয়ে হেঁটে যাওয়া গোলাম রাব্বানি নামের একজন বলেন, আমি আগে এমন দেখিনি। এই ধারনা খুব সুন্দর। আমাদের কারণে সৃষ্ট দূষণ থেকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা কিছুটা এখন কমবে। তাছাড়া নগর ফুলের প্রতি অনুরোধ করে তিনি বলেন, এই প্লাস্টিক বিনময় যাতে অব্যাহত থাকে।