পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে এক যুবকের মৃত্যু ঘটনা হয়েছে। আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মানিকগঞ্জের শিবালয়ের ৩ নম্বর ট্রাক টার্মিনালের পাশের এলাকার আসগর আলী শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২৮)। তিনি সেলফি পরিবহনে সহকারীর কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী বাংলাদেশ হ্যাচারিজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মিন্টু জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভোরে দৌলতদিয়া লঞ্চঘাটে বরশি দিয়ে মাছ ধরতে আসি। হঠাৎ দেখি পেছন থেকে এক যুবক নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে যুবকের বাবা আজগর আলী শেখ জানান, আমার ছেলে ছোটবেলা থেকেই মৃগী রোগী। গোয়ালন্দে আমার আত্মীয় থাকায় সে গতকাল রাতে সে সেখানে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে যুবককে উদ্ধার করি। পরে দৌলতদিয়া নৌপুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।