মাদারীপুরে ব্যাগভর্তি ককটেলসহ আটক ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি স্কুলব্যাগভর্তি ককটেলসহ নাসির কাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নাসির কাজীর বাড়ি কুমিল্লা জেলায়। দীর্ঘদিন ধরে নাসির মাদারীপুরে বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবসায় করে আসছিলেন। শুক্রবার ফাঁসিয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্কুলব্যাগভর্তি ককটেল জব্দ করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় একটি স্কুলব্যাগভর্তি ককটেল জব্দ করা হয়। তবে ব্যাগের ভেতরে কতগুলো ককটেল আছে তা এখনই বলা যাচ্ছে না। ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিট এলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।