বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। এ সময় অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আজান ও কেরাতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন। এ ছাড়া বিজয়ীদের মেধার স্বীকৃতি হিসেবে তাদের দিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন ডিএমপির কনস্টেবল সাগর হোসেন সাব্বির, দ্বিতীয় ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক।
কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা, দ্বিতীয় হয়েছেন আরআরএফ, খুলনার কনস্টেবল মো. ইসমাঈল হোসেন মুন্না এবং তৃতীয় হয়েছেন র্যাব হেডকোয়ার্টার্সের কনস্টেবল বেলাল আহমদ।
বৈশ্বক শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর, দ্বিতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের এসআই (নিরস্ত্র) শামীম আল মামুন এবং তৃতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের নায়েক এ কে এম খালিদ সাইফুল্লাহ।