বাড়ির অদূরেই ট্রেনের ধাক্কায় পড়ে ছিল রক্তাক্ত মোয়াজ

রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।

আজ শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মো. কাউসার আহমেদ জানান, মোয়াজের বাবার নাম ইয়াহিয়া শরীফ। তাদের নিজেদের বাড়ি পশ্চিম নাখালপাড়ায়। মানসিক প্রতিবন্ধী ছিল মোয়াজ। সকালে কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তারা খবর পান, বাসার অদূরেই নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। পরবর্তীতে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।