ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খাঁ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাল খাঁ সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, লেনেদেন নিয়ে লাল খায়ের সঙ্গে অটো রিকশাচালক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের জসীম উদ্দিনের বিরোধ চলছিল। সে তার সহযোগী আলামিনকে সাথে নিয়ে সরাইল সদরের বড্ডাপাড়া শশ্মান রোড এলাকায় লাল খার সাথে দেখা করলে লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জসীম তার সহযোগী আলামিনকে নিয়ে লাল খার বুকের উপর ও নিচে এবং ডান হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জসীমকে আটক করে পুলিশে দেয় এবং পুলিশ প্রযুক্তির সহায়তায় আলামিনকে আটক করে।
ওসি আরও জানান, এই ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে আজ শনিবার সকালে দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।