মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়বেন। তার জায়গায় অলরেডদের কোচ হবেন কে? এটি যেন মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছিলো জাবি আলোনসোকে কোচ করে আনবে লিভারপুল। কিন্তু তিনি থাকছেন লেভারকুসেনেই।
আলোনসোকে না পেয়ে এবার রুবেন আমোরিমের দিকে নজর দিয়েছে লিভারপুল। আমোরিম বর্তমানে স্পোর্টিং সিপির (লিসবন) কোচ। পর্তুগাল জাতীয় দলে ২০১০-১৪ পর্যন্ত আমোরিম খেলেছেন মিডফিল্ডে। লিসবনের কোচের দায়িত্বে আছেন ২০২০ থেকে। ২০২৬ এর জুন পর্যন্ত লিসবনের সঙ্গে চুক্তি আছে ৩৯ বছর বয়সী এই কোচের।
তাই রিলিজ ক্লজ দিয়েই লিভারপুলের আনতে পারবে আমোরিমকে। টেলিগ্রাফ জানিয়েছে, ১ কোটি ২০ লাখ ৮০ হাজার পাউন্ড রিলিজ ক্লজ দিয়ে লিভারপুল আনতে পারে পর্তুগিজ এই কোচকে।
তবে লিভারপুল যদি ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করে, তবে এই দাম ৮০ লাখ ৫০ হাজার পাউন্ডে নেমে আসতে পারে।
আমোরিমের হাত ধরেই ১৯ বছর পর লিগ শিরোপা জিতেছে লিসবন। জিতেছে ঘরোয়া ফুটবলের একাধিক শিরোপা। আমোরিম নাকি ইংরেজিও বেশ ভালো বলতে পারেন। তাই লিভারপুল কর্তৃপক্ষের আগ্রহটাও বেশি।
লিভারপুলের কোচ হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আমোরিম বলেন, 'এখন আমার লক্ষ্য শুধু স্পোর্টিংয়ে। আমি স্পোর্টিংয়ের কোচ হিসেবে গর্বিত। আমাদের লক্ষ্য শুধু শিরোপা জেতা। আমার চুক্তিও আছে, আমি এখানে ভালোই আছি।'