বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহে জুলহাস উদ্দিন (৪৫) নামের এক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ওই ছেলে মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়ে জুলহাসকে হত্যা করা হয়। 

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, চর কালিবাড়ি এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মো. ফয়সাল (২৬) নিয়মিত মাদক সেবন করতো। শনিবার সকালে মাদকাসক্ত ফয়সাল তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে। এ সময় তার বাবা জুলহাস উদ্দিন ছেলেকে টাকা দিতে না করেন। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে প্যান্টের বেল্ট খুলে বাবার ঘাড়ে পেটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান জুলহাস উদ্দিন।

তিনি আরো বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে ফয়সালকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।