নাটোরের নলডাঙ্গায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে জিল্লুর রহমান (৪৮) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিল্লুর রহমান উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল, রহিদুল ও জিল্লুর রহমানের সাথে আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু-পক্ষে লাঠি-সোটা, কোদাল, হাসুয়া নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমানসহ দু-পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের এক পর্যায় প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই খোরশেদ হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে আটক করেছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।