প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

নেত্রকোণার দুর্গাপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় আরাফাত (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ইন্দ্রপুর এলাকায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ সড়ক অবরোধ করে। আরাফাত স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ধর্ম ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেনির শিক্ষার্থী ছিলেন।

নিহত শিশুর আরাফাত (৭) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাত প্রতিদিনের মতো শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যান। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে ইন্দ্রপুর এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহফুজ আলম বলেন, ইন্দ্রপুর এলাকায় আরাফাত নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।