জয়ার চার তাদের এক

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এর এবারের আসরে বাজিমাত করেছেন বাংলাদেশের তিন তারকা। পশ্চিমবঙ্গের শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল।

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪-’এর আসর। সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম। টালিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী।

এ নিয়ে চতুর্থবারের মতো ফিল্মফেয়ার জিতলেন জয়া। এবারের মনোনয়ন ছিল জয়ার টানা ষষ্ঠবারের ফিল্মফেয়ার মনোনয়ন। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৩ ’-এ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া। আর ‘অর্ধাঙ্গিনী’তে পুরস্কারের মধ্য দিয়ে চতুর্থবারের মতো পুরস্কার জিতলেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া আহসান বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৭’ আসরে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ দিয়ে অর্জনের গল্পটা শুরু করেন জয়া। ২০১৮ সালের পুরস্কার প্রধান অনুষ্ঠানে জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তোলেন তিনি। ২০২০ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিজয়া’ সিনেমার জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন। ২০২১ সালে ফিল্মফেয়ারের হ্যাটট্রিক করেন জয়া। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক বিচারে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার জেতেন তিনি। গত বছর সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ ছবিটির জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেলেও হালি ফিল্মফেয়ারের দখল নিতে পারেননি এই অভিনেত্রী।

অন্য দিকে প্রথমবারের মতো তাসনিয়া ফারিণের হাতে উঠেছে এই সম্মাননা। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান অভিনেত্রী। তিনি বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

জয়া-ফারিণের পাশাপাশি বাজিমাত করেছেন আরেক তরুণ অভিনেতা সোহেল মন্ডল। ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগত অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন তিনি। যদিও ভিসা জটিলতায় কলকাতার মর্যাদাপূর্ণ এই আসরে থাকতে পারেননি তিনি।

সোহেল মন্ডল বলেন, ‘এই অনুভূতিটা আসলেই অন্যরকম। খুবই ভালো লাগছে। যদিও ব্ল্যাক লেডি এখনো হাতে এসে পৌঁছায়নি। হাতে পাওয়ার পর আরও অনেক বেশি ভালো লাগবে। ভিসা জটিলতায় অনুষ্ঠানে যেতে পারিনি, যেতে পারলে খুব ভালো লাগত। আমি যেই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি সেটাতে পশ্চিমবঙ্গের অনেক গুণী শিল্পীও রয়েছেন, তাদের মধ্য থেকে আমি পেয়েছি এটা ভাবতেও ভালো লাগছে। আশা করছি সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে এ সম্ভাবনাগুলো আরও তৈরি করব।’

এর বাইরে সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘মায়ার জঞ্জাল’। বাংলাদেশের জসিম আহমেদ ও পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী প্রযোজিত এই সিনেমা সেরা চিত্রনাট্য (ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা), সেরা চলচ্চিত্র সম্পাদনা (সুমিত ঘোষ), সেরা শব্দবিন্যাস (শুভদীপ সেনগুপ্ত), সেরা চিত্রগ্রহণ (ইন্দ্রনীল মুখোপাধ্যায়), সেরা পোশাক পরিকল্পনা (ঋতারুপা ভট্টাচার্য) বিভাগেও পুরস্কার পেয়েছে।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, ‘ভারতের অস্কার’ এটি। কয়েক বছর ধরে বাংলা সিনেমার জন্য পৃথকভাবে এই পুরস্কারের আয়োজন করা হয়।