গেল বছরের ঈদুল ফিতরে অভিনয়ে অভিষেক ঘটে তার, এর মধ্যে প্রচারে এসেছে সাতটি নাটক। এক বছরেই মিষ্টি হাসি আর অভিনয় দিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এবারের ঈদে তিনটি নাটকে দেখা যাবে তাকে।
অভিনেত্রী জানান, এবার ঈদের জন্য তিনটি নাটক করছেন তিনি। এর মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছেন এবং একটি বাকি রয়েছে, যা ঈদের আগেই শেষ করবেন।
নিহা দেশ রূপান্তরকে বলেন, ‘মিজানুর রহমান আরিয়ানের ‘তখন যখন’ এবং জাকারিয়া সৌখিনের ‘লাভ রেইন’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছি। ঈদের আগে ইমরাউল রাফাতের একটি নাটক শুটিং করব। এবার তিনটি নাটকই আসবে। সব নাটকই প্রেমের। কাজগুলো করে খুব ভালো লেগেছে, দর্শকরাও পছন্দ করবেন।’
তিনি আরও বলেন, এবার জাকারিয়া সৌখিন ভাইয়ার নির্মাণে প্রথম কাজ করেছি। আমি খুবই উপভোগ করেছি, অনেক কিছু শিখেছি উনার কাছ থেকে। যদিও আমি সবসময়ই শেখার চেষ্টা করি তবে এবার উনার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি।’
তরুণ এই অভিনেত্রী বলেন, ‘আমি তো কাজই কম করি। অন্যরা আরও বেশি করেন, তাদের তুলনায় আমার অনেক কম। তারপরও দর্শকরা আমার কাজ দেখছেন, ভালোবাসা প্রকাশ করছেন, আমি সত্যি ব্লেসড। এত কম কাজ করেও এত এত মানুষ আমাকে চিনবে, এটা কখনো ভাবিনি।’
যে কয়েকটা কাজ করা হয়েছে তার সবই প্রেমের। শুধু প্রেমের গল্পেই কেন নিহাকে দেখা যায়, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো আসলে নির্মাতাদের পছন্দ। কোন গল্পে কাকে নেবেন। তবে আমার মনে হয়, আমার সঙ্গে, আমার চেহারার সঙ্গে প্রেমটা খুব যায়। এ জন্য তারা আমাকে নিয়ে প্রেমের গল্প করতে বেশি আগ্রহী। তা ছাড়া আমি তো এখনো ছোট, এখনো শিখছি। এক্সপেরিমেন্ট করার মতো সময় হয়নি।’
সহশিল্পীরা প্রত্যেকেই ভীষণ সাপোর্টিভ জানিয়ে নাজনীন নিহা বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে, সব দারুণ দারুণ সহশিল্পীর সঙ্গে কাজ করছি। প্রত্যেকেই ভীষণ সাপোর্টিভ। কোনো কিছু না বুঝলে তারা সেটা বুঝিয়ে দেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি তো সবার ছোট তাই সবাই অনেক বেশি আদর করে আমাকে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে।’
যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনের কথা গুছিয়ে বলতে পারি না। যারা আমার কাছের মানুষ তারা হয়তো বুঝে নেয় যে, কী বলতে চাচ্ছি। এর বাইরে কেউ খুব একটা বুঝে না। তবে চেষ্টা করছি গুছিয়ে কথা বলার। শুরুর দিকে তো কথা বলতেই গুলিয়ে ফেলতাম, কী বলব কী বলব না, সেটা বুঝতাম না। তবে এখন একটু একটু শিখছি।’