মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের কাতল মাছ। গত শুক্রবার রাতে স্থানীয় জেলে গোবিন্দ হালদারের বেড়জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি হয় ৩২ হাজার টাকায়। একক কোনো ক্রেতা না থাকায় চারজন মিলে মাছটি কিনেছেন বলে আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সুমন রাজবংশী রাধু জানিয়েছেন।
মাছ ব্যবসায়ী নৃপেণ রাজবংশী বলেন, ‘৩২ কেজির কাতল মাছটি ভোরে আড়তে নিয়ে এলে আমরা চারজন মিলে ভাগে কিনে নিই। তিন ভাগ আমরা দুজন মাছ ব্যবসায়ী ও একজন আড়তদার এবং বাকি এক ভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম মিয়া নিয়েছেন।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ‘মাছের অভয়ারণ্যখ্যাত পদ্মায় বড় বড় আইড়, পাঙাশ ও বোয়াল মাছ মাঝে মাঝে ধরা পড়ে। আজ (শনিবার) বড় কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি।’