লেবাননে গোলাবর্ষণে আহত জাতিসংঘের কর্মকর্তারা, আঙুল ইসরায়েলের দিকে

লেবাননের দক্ষিণাঞ্চলের রামেইশ এলাকায় গোলাবর্ষণে জাতিসংঘের তিনজন পর্যবেক্ষক ও একজন দোভাষী আহত হয়েছেন। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এ খবর জানিয়েছে।

ইসরায়েলি ড্রোন হামলার কারণে এই গোলাবর্ষণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এটির দায় অস্বীকার করেছে।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, ইউনিফিল জানিয়েছে যে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে।

সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে ইসরায়েল ও লেবানন সীমান্তে। এ পরিস্থিতির মধ্যেই এই গোলাবর্ষণ ও জাতিসংঘের কর্মকর্তাদের আহত হওয়ার ঘটনা ঘটল।

এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, এই কর্মকর্তারা দক্ষিণ লেবানন ও ইসরায়েলের মধ্যে জাতিসংঘের ঠিক করে দেওয়া সীমান্তরেখা (ব্লু লাইন নামে পরিচিত) সংলগ্ন এলাকায় হেঁটে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তাঁদের পাশেই গোলাবর্ষণ করা হয়।

জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে "অগ্রহণযোগ্য" বলে মন্তব করেছে ইউনিফিল।

আহত জাতিসংঘের কর্মকর্তারা কোন দেশের নাগরিক বা তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে কেমন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আহত দোভাষী লেবাননের নাগরিক এবং তাঁর অবস্থা স্থিতিশীল।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ‘শত্রু ড্রোন’ হামলা চালিয়েছে যার ফলে সেখানে জাতিসংঘের পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ সকালে রামেইশ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যানবাহনে কোনো অভিযান চালানো হয়নি।