হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে টানা তিনটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসি। মেসিহীন মায়ামি বাংলাদেশ সময় আজ সকালে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।
মায়ামির পরবর্তী ম্যাচ ৩ এপ্রিল (বুধবার)। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে মায়ামি মুখোমুখি হবে মনটেরের। মেসিকে এই ম্যাচেও পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
নিউ ইয়র্কের বিপক্ষে ড্রয়ের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, 'পরবর্তী তিন-চার দিনে পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর নির্ভর করে, আমরা সিদ্ধান্ত নেব মেসি মনটেরের বিপক্ষে খেলবেন কি না। বুধবারের খেলাটা গুরুত্বপূর্ণ তবে আমাদের পুরো মৌসুমের কথা ভাবতে হবে। মঙ্গবাল সিদ্ধান্ত নেব (মেসির বিষয়ে)।'
ইনজুরির কারণে মেসি মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই ম্যাচেও খেলতে পারেননি।
ইন্টার মায়ামি মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।