পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য লাল গালিচা বিছানোর বিষয়টি নিয়ে বেশ বিরক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেষ পর্যন্ত সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচার ব্যবহার বন্ধ করতে বলেছেন দিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথি ও বিদেশি কূটনীতিকদের স্বাগত জানাতে লাল গালিচা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
এর আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বেতন না নেওয়ার ঘোষণা দেন শেহবাজ। তার মতো দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও একই সিদ্ধান্ত নেন।
গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এ কারণে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।