সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুরোনো সাতক্ষীরার মায়ের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পুরোনো সাতক্ষীরা এলাকার গুণীদ্রনাথ মণ্ডল (৬৮), তার স্ত্রী কল্যাণী মণ্ডল (৫৮), তাদের বাড়ির গৃহপরিচালিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীদ্রনাথের আত্মীয় কালীগঞ্জের নলতা গ্রামের কাকলী সরদার (৫৫)। আহতদের মধ্যে দেবলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে গুণীদ্রনাথ মন্ডলের স্ত্রী কল্যাণী রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রথমে তার স্ত্রীর কাপড়ে লাগে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে একে একে আত্মীয় কাকলী, গৃহপরিচালিকা দেবলা দেবনাথ ও তিনি দগ্ধ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী আনছার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।