সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে চেয়েছিলেন তিনি। এজন্য পুলিশের ব্যারিকেডে আগুন দিয়ে স্টান্ট করেন। কিন্তু শেষ রক্ষা হলো না। গ্রেপ্তার হয়েছেন প্রদীপ (২৫) নামের ওই ইউটিউবার। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির পশ্চিম বিহারের একটি ব্যস্ত ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রদীপকে শনাক্ত করে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। একইসঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য তাকে ৩৬ হাজার রুপি জরিমানা ও গাড়িটি জব্দ করা হয়।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার জিমি চিরাম বলেন, ওই ইউটিউবারকে প্রদীপ নামে চিহ্নিত করা হয়েছে। নাংলোইর ছাজ্জু রাম কলোনির বাসিন্দা তিনি। বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, প্রদীপের ব্যবহার করা গাড়িটি তার মায়ের নামে রেজিস্ট্রেশন করা। গাড়িতে বেশ কয়েকটি নকল প্লাস্টিকের অস্ত্র পাওয়া গেছে।