আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাদিয়া আয়মানের। মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমায় তাকে দেখা যাবে ছোটবেলার কাজলরেখা চরিত্রে।
ছোট পর্দার অভিনেত্রী থেকে এবার বড় পর্দার নায়িকা। ঈদে সিনেমা মুক্তি পাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত সাদিয়া আয়মান দেশ রূপান্তরকে বলেন, ‘‘সিনেমাটা ঈদে আসবে, এটা জানতাম না। এটা গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। ঈদের মতো বড় উৎসবে সিনেমা আসা সত্যি অনেক আনন্দের। আমি ভাগ্যবতী যে আমার প্রথম সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। উৎসবে সিনেমা মুক্তি পেলে বন্ধু-বান্ধবসহ সবাইকে নিয়ে সিনেমা দেখা যায়, মজা করা যায়। এবার আমিও তাই করব। ঈদটাকে আরও বেশি ঈদ ঈদ লাগবে। দুই বছর আগে ঈদে আমার ‘ফুলের নামে নাম’ নাটক মুক্তি পেয়েছিল। তার দুদিন পর থেকে সবখানে যখন লেখালেখি, প্রশংসা দেখছিলাম তখন থেকে আমার ঈদ ঈদ অনুভব হয়েছিল এরপর সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। আশা করছি ‘কাজলরেখা’ নিয়েও এরকম কিছু লিখতে পারব যে, ‘ডাবল ডাবল ঈদ’।’’ পরিবারকে নিয়ে নিজের প্রথম সিনেমা দেখা হবে কি না, এমন প্রশ্নে নায়িকা বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে তো অবশ্যই দেখব। ঈদ তো গ্রামের বাড়িতে করা হয় এবার যদি বাড়ি যাইও তাহলে ফ্লাইটে করে চলে আসব ঢাকায়। তাছাড়া বরিশালেও সিনেমা হল রয়েছে সেখানেও পরিবার নিয়ে দেখতে যাব। টিজার, ট্রেলার দেখে আমার মা-ফুপ্পি খুব প্রশংসা করেছেন। বলেছেন আমাকে নাকি খুব সুন্দর লেগেছে। সবাই অনেক এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তবে আম্মু বারবার শুধু একটা কথাই বলে, ‘তুমি শাড়ি পরেছ, ব্লাউজ কেন পরোনি!’ আমি তো হাসতে হাসতে শেষ।’
সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যখন সিনেমাটির শুটিং করেছিলাম তখন তো আমি একদম নতুন। অভিনয়ও ঠিকঠাক জানতাম না। একদম ন্যাচারাল ছিলাম। ভয়ও লাগছিল। তখন সেলিম ভাইয়াকে (গিয়াস উদ্দিন সেলিম) বলেছিলাম, আমি পারব তো! তখন উনি বলেছিলেন, তুই শুধু তোর মতো করে কাজ করে যা। যা হয়েছে ভালো হয়েছে। আমাকে সেই স্পেসটা দেওয়া হয়েছিল যেন আমি আমার মতো অভিনয়টা করতে পারি। টিমের প্রত্যেকের কাছ থেকে সেটে অনেক অনেক প্রশংসা পেয়েছি, সবার আদর পেয়েছি। আমি যে নতুন কেউ আমাকে সেটা বুঝতেই দেয়নি, সবাই অনেক আদর দিয়েছেন যার কারণে যেদিন আমার শুট শেষ হয়ে যায়, চলে আসার সময় আমার খুব কান্না পাচ্ছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে, সিনেমাটার শুরু হয় আমার শট দিয়ে, শেষও হয় আমার শট দিয়ে। ওইটা অনেক ইন্টারেস্টিং এবং খুব স্পেশাল মুহূর্ত ছিল আমার কাছে। সবার কাছ থেকে অনেক স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি, সেটে সবাই আমাকে সারাক্ষণ কাজল বলে ডাকত। পুরো সময়টাই বেশ উপভোগ করেছি।’
এরমধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাবও পেয়েছেন সাদিয়া। জানালেন ঈদুল আজহার পর দুটি সিনেমার শুটিং শুরু হতে পারে। এছাড়া এই ঈদে সিনেমা ছাড়াও প্রায় ডজনখানেক নাটকেও দেখা যাবে তাকে।
নাটক প্রসঙ্গে ‘ফুলের নামে নাম’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘নাটক তো খুব বেশি করছি না। এবারও কিছুটা কম কাজই আসবে। দশ থেকে ১২টার মতো নাটক আসতে পারে। খুব বেছে বেছে কাজ করেছি। সবগুলোর গল্পই বেশ ভালো তবে এরমধ্যে কয়েকটা কাজ নিয়ে আমি একটু বেশি আশাবাদী। সেদিক থেকে নাটকের জন্যও এবারের ঈদটা আমার ভালো যাবে বলে মনে হচ্ছে।’