আসন্ন ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ। সুতরাং ৯ এপ্রিল অর্থাৎ ২৯ রমজানেও খোলা থাকবে সরকারি দপ্তর। তবে ওই দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রাখছে সরকার।
বর্ষপঞ্জি অনুযায়ী এবার ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন ১৪ এপ্রিল নববর্ষের ছুটি। সব মিলিয়ে ঈদে পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এ বছরের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকছে। তবে ওই দুই দিন নিয়মানুযায়ী সেই ছুটি নেওয়া যাবে। কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা পাঁচ দিন ছুটি থাকবে।’
এর আগে ৭ এপ্রিল শবেকদরের ছুটি রয়েছে। শবেকদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুই দিন অফিস খোলা থাকবে। ১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র এক দিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে ৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। কারণ আগের দিন ৭ এপ্রিল শবে কদরের ছুটি, তার আগের দুই দিন ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি। অর্থাৎ দুই দিন ঐচ্ছিক ছুটি নিলে ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।