অস্ত্রের মুখে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে অভিযুক্ত টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে এক মহিলা কলেজের কলেজ গভর্নিং বডির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলার ভূঞাপুর উপজেলার পৌর শহরের লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সদ্য সভাপতির দায়িত্ব ছিলেন।
সোমবার (১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ তথ্যটি ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া বড় মনিরের জায়গায় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে আরেকটি ধর্ষণ মামলা থাকার মধ্যেই বড় মনিরের ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে সম্প্রতি লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কলেজ সভাপতি হিসেবে নিয়োগের দুই সপ্তাহ পর গত ২৯ মার্চ তুরাগ থানার প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে মামলায় বড় মনিরের বিরুদ্ধে অভিযোগ করেন ওই কলেজছাত্রী।