ব্রি পরিদর্শনে কানাডিয়ান প্রতিনিধিদল 

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (এওঋঝ) একটি প্রতিনিধিদল গতকাল সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. এন্ড্রু শার্প প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদলটি ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। 

ব্রির মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। মহাপরিচালক জানান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং জিআইএফএস-কানাডার মধ্যে বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহয়োগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ভিত্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি ব্রি সদর দপ্তর ক্যাম্পাসে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র (বিপি-এটিসি) উদ্বোধন করেন।