টঙ্গীতে কারখানার এসি বিস্ফোরণে আহত ৪

গাজীপুরের টঙ্গীতে এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরাশপাড়া এলাকার প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল অ্যাক্সেসরিজ লিমিটেড নামক কারখানায় এঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন কারখানাটির নিরাপত্তাকর্মী সোহাগ (৩৫), এসি মেরামতকারী রবিন (২৮), আলমগীর (৩৪) ও রফিক (৩২)। এদের মধ্যে রফিকে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কারখানার সূত্রে জানা যায়, কারখানাটিতে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট মালামাল তৈরি হয়। সোমবার সন্ধ্যায় কারখানাটির এয়ারকন্ডিশনার (এসি) মেরামতের কাজ করছিলেন তিনজন মিস্ত্রি। এসময় হঠাৎ মেশিনটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. শহীদুল ইসলাম বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গিয়েছে ও জখমের চিহ্ন রয়েছে।

প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল অ্যাক্সেসরিজ লিমিটেড কারখানাটির কর্তৃপক্ষের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।