বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনের আঙিনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী 'বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪'। সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।

ফিতা কেটে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করে বিসিক চেয়ারম্যান স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের খোঁজ নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. আলমগীর হোসেন (আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা), মো. নুরুজ্জামান (উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, ঢাকা), এ কে এম ফজলুর রহমান (সহকারী প্রধান নকশাবিদ, নকশাকেন্দ্র, বিসিক) এবং বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা, বিসিক জেলা কার্যালয়, ঢাকা এবং বিসিক নকশা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

'বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪' আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।