৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। তাতে ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন।
৪৫৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করল তারা। এ সময়ে বাংলাদেশ নিতে পেরেছে শুধু অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট। যিনি সাকিবের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের ৪১তম ফিফটি।
টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। তাই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে তাদের সর্বোচ্চ ৪১৩ রান, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই।
দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।
আজ আরও ৭৩ ওভারের পর আগামীকাল আছে প্রায় ৯০ ওভার। এ ম্যাচ ড্র করতে গেলেও তাই নিজেদের রেকর্ড ভাঙতে হচ্ছে বাংলাদেশকে, সেটি বলাই যায়। আপাতত চ্যালেঞ্জ শ্রীলঙ্কান পেসারদের সামলানো।