ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-সৈয়দপুর আকাশপথে বিমানের ফ্লাইট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি চারটি বিমান সংস্থার ১৭টি ফ্লাইট পরিচালনা করবে। ঈদে ঘরমুখী মানুষের চাপ সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামীকাল বুধবার থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো চালু হবে। ঈদের পরে এক সপ্তাহ অতিরিক্ত এসব ফ্লাইট চলবে। এতে প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ যাতায়াত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এর পর থেকে নিয়মিত ফ্লাইট চলবে এই রুটে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, ঈদ বা উৎসব এলে সৈয়দপুর-ঢাকা রুটে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। এসব চিন্তা করে বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। এ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, সৈয়দপুর-ঢাকা রুটে চারটি বিমান সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এসব হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, নভো এয়ার, এয়ার অ্যাস্ট্রা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এদের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ঈদ উপলক্ষে দুটি ফ্লাইট বাড়িয়ে প্রতিদিন পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। নভো এয়ার এই রুটে দুটি ফ্লাইট বাড়িয়েছে। ওই সংস্থাটিও প্রতিদিন তিনটির স্থলে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তারাও দুটি ফ্লাইট বাড়িয়েছে।