সাজেকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে সাজেকে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ধ্বংসপ্রাপ্ত পাহাড় পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম) পরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ৯ জনকে রুলের জবাব দিতে হবে। সাজেকে পাহাড় কাটা নিয়ে গত ২৯ মার্চ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত সোমবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিট আবেদনটি করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ (খ) অনুযায়ী, বিনা অনুমতিতে পাহাড় কাটার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সাজেকে একটি প্রভাবশালী মহল পাহাড় কেটে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ নষ্ট করছে যা বন্ধ হওয়া আবশ্যক। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেহেতু বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট তাই উচ্চ আদালতের দারস্থ হতে হয়েছে।

তিনি বলেন, হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশে কেউ যাতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যাতিত পাহাড় কাটতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন।