সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের কনস্যুলেট ভবনে হামলার শিকার হয়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। অভিযোগ করা হচ্ছে, এই হামলায় জড়িত রয়েছে ইসরায়েল। গত সোমবার বিমান হামলায় নিহত ১১ জনের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)’-এর তিন শীর্ষ জেনারেল রয়েছেন। এদিকে এই হামলার পর ইরান কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের দিক থেকে কনস্যুলেটে হামলা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুললেও তেল আবিব বলছে, ওই হামলার খবরের ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না।
গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলতি যুদ্ধের মধ্যে সোমবার ঘটনাটি ঘটল। আইআরজিসি বলছে, হামলায় তাদের যে সাত সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে তিন শীর্ষ জেনারেল রয়েছেন। তারা হলেন আইআরজিসির বিদেশি মিশন কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, উপ-কমান্ডার জেনারেল হাজি রাহিমি এবং হোসেইন আমিনুল্লাহ। জেনারেল রেজা আইআরজিসির বিদেশি মিশন কুদস ফোর্সের শীর্ষ সামরিক নেতা যিনি মধ্যপ্রাচ্য জুড়ে কাজ করে থাকেন।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন ইরানের, দুজন সিরিয়ার ও একজন লেবাননের নাগরিক। নিহতরা সবাই কেউ-ই বেসামরিক নন।
সিরিয়ার ইরানি রাষ্ট্রদূত অবশ্য হামলায় নিহত সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে চালানো ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। ওই বিমান থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।