তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে নিহত চার, ধ্বংসস্তূপে আটকা অনেক

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত হয়েছেন।  আহত হয়েছে অন্তত ৫০ জন। এছাড়া পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে বেশ কিছু ভবন ধসে পরার খবর পাওয়া গেছে।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে একাধিক ভবন ধসে পড়েছে এবং সেখানে উদ্ধার কাজ চলছে।

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে যে, ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শহরের চারপাশের ভবন এবং টানেলের ধংসস্তুপে আটকা পড়েছে অনেকেই।

ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকসের তথ্য অনুযায়ী, দ্বীপ জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ইন্টারনেট বিভ্রাটের খবর পাওয়া গেছে।

আল জাজিরা বলছে, হুয়ালিয়েনে প্রায় ৮০ হাজার ঘর-বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রাস্তা, সেতু এবং একটি টানেল ধসে পড়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য কাজ করছে দেশটির সামরিক বাহিনী।

ভূমিকম্পের পর থেকে কমপক্ষে ৫৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে এবং এর মধ্যে দুটি ছয় মাত্রার চেয়ে বড় জানিয়েছে তাইওয়ান।

তবে তাইওয়ান, জাপান এবং ফিলিপাইনের কর্তৃপক্ষ শক্তিশালি ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

বুধবার সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। তবে জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পের মাত্রা ৭.৭ বললেও তাইওয়ান বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।