ট্রেনের ২২ অগ্রিম টিকিটসহ যুবক ধরা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ২২টি অগ্রিম টিকিটসহ রবিন মিয়া নামের এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাপিট অ্যাকশান ব্যাটালিয়ান, র‌্যাব। রবিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আজ বুধবার (৩ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে ভৈরব বাজার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। এ সময় টিকিট বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইলসেট ও নগদ ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি চৌকস আভিযানিকদল ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে রবিনকে আটক করে। আটকের পর রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ টিকিট কালোবাজারি করে আসছে মর্মে স্বীকার করে বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে অভিযুক্ত রবিনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের পূর্বক আসামি হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।