সারাহর মরণোত্তর কিডনি নেওয়া শামীমাও চলে গেলেন

সারাহ ইসলামের মরণোত্তর কিডনি নেওয়া শামীমা আক্তারও মারা গেছেন। ‘ব্রেন ডেড’ (মরণোত্তর) ওই তরুণীর কিডনি নেওয়া দুই নারীরই একে একে মৃত্যু হলো। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে শামীমার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়।

শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, শামীমা শেষ ছয় মাস আমাদের আওতার বাইরে ছিলেন। কিছুদিন আগে তার ভাই আমাদের জানান- শামীমার ক্রিয়েটিনিন বেড়েছে। তিন সপ্তাহ আগে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

ডা. হাবিবুর রহমান বলেন, প্রথমে কিছুটা উন্নতি হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কোনো উপায় না দেখে চার দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরমধ্যে তার সি ভাইরাস ও বিরল নিউমোনিয়া ধরা পড়ে। আমরা ডায়ালাইসিসও শুরু করেছিলাম, কিন্তু উন্নতি হয়নি। সবশেষ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

২০২৩ সালের ১৯ জানুয়ারি সারাহ ইসলাম নামে ২০ বছর বয়সী এক তরুণীর ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন বিএসএমএমইউ চিকিৎসকরা। ওই রাতেই তার কিডনি শামীমা আক্তার এবং হাসিনা নামে দুই নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্টকে বিএসএমএমইউয়ের পক্ষ থেকে সফল দাবি করা হলেও এর ৯ মাস পর অক্টোবরে হাসিনা মারা যান। তবে শামীমা আক্তার বেঁচে ছিলেন এতদিন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন না ফেরার দেশে।