মোটরসাইকেল চালিয়ে হবিগঞ্জের মাধবপুর সদরে আসার পথে রাজনগর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় ইয়াকুব আলী (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াকুব আলী উপজেলার আদাঐর ইউনিয়নের সমজদিপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ইয়াকুব আলীর মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক পনুয়েল হাঁচ্ছা জানান, পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।