শতাধিক নাটকের ভিড়ে এবারের রোজার ঈদ হতে যাচ্ছে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়। একে একে ৯টি নাটকে জুটি হয়ে আসছেন তারা। এটি একটি বিরল রেকর্ড বলা যেতে পারে। সবগুলো নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। নাটকগুলো হলো ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং ‘চাকরিজীবী বউ’।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তানহা তাসনিয়া বলেন, এবার ঈদে আমার অভিনীত নাজমুল রনির পরিচালনায় সাত পর্বের সিরিজ ‘মিশন ফয়েজ লেক’সহ মোট ১০টি কাজ প্রচার হবে। এই সিরিজটি ছাড়া বাকি ৯টিই নাটক। আর সবগুলোতেই আমি মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। কোনো একটা উৎসব উপলক্ষে একজন অভিনেতার বিপরীতে এতগুলো নাটকে জুটি হয়ে কাজ করাটা সত্যি দারুণ একটা ব্যাপার আমার জন্য। এটা বলা চলে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা। মোশাররফ করিম ভাই আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য স্পেশাল। তিনি খুবই প্রাণবন্ত একজন সহশিল্পী। অনেক হেল্পফুল। এই নাটকগুলোর শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়ে। তিনি বারবার আমার সুস্থতার খোঁজ নিয়েছেন, আমার খেয়াল রেখেছেন বড় ভাইয়ের মতো। অনেক কিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। অনেক টিপস তিনি দিয়েছেন। ভিন্ন স্বাদ ও আমেজের নাটকগুলো দর্শকের কাছে উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছি। নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, প্রতিটা নাটকের গল্প ও চরিত্রের বৈচিত্র্য রয়েছে। আসছে ঈদে বিভিন্ন প্লাটফর্মে প্রচার হবে ৯টি নাটক।