কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার জানালার গ্রিল কেটে ও ভল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য পুলিশ চুরির এই ঘটনাকে রহস্যজনক মনে করছে।
এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন, জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। আলমারি অগোছালো। সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার-ডিভিআর নেই। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, পুরো বিষয়টি প্রাথমিকভাবে আমার কাছে নাটকীয় এবং সন্দেহজনক মনে হচ্ছে।