স্মার্ট বাংলাদেশ গড়তে জাকাত বিশেষ ভূমিকা রাখবে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারবে। জাকাত ফান্ড তথা জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। জাকাত সংগ্রহ ও বণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানী আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জাকাত বোর্ডের ইতিহাসে গত রমজান মাসে সর্বোচ্চ প্রায় সাড়ে ১১ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব হয়েছে। সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিতে পারলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণে জাকাত আদায় করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। বিজ্ঞপ্তি