প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী। গতকাল বুধবার দিনভর ৯টি স্পটে কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৮ হাজার মানুষের মধ্যে এ উপহার তুলে দেন তিনি।
গতকাল বেলা ১২টায় রাজধানীর তুরাগ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে ধউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দেন খসরু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর কমলা রানী মুক্তা ও আওয়ামী লীগ নেতা সোহেল শেখ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় রানাভোলা ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ আয়োজিত কামারপাড়া স্কুল মাঠে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার তুলে দেন এমপি খসরু চৌধুরী।
এ সময় খসরু চৌধুরী বলেন, ‘এই উপহার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। সবাই তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য যারা এই দেশকে স্বাধীন করতে রক্ত দিয়েছেন। আপনারা সবাই ঈদ উপহার পাবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এ আয়োজন।’
উপহার নিতে সব বয়সী মানুষের সমাগম হয়। তাদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক। ইয়াসমিন আক্তার নামে এক নারী দেশ রূপান্তরকে জানান, ধউর আলেয়া সোয়েটার গার্মেন্টসের পেছনে ময়মনসিংহ পট্টিতে থাকেন। সকালে উপহার নিতে আসেন। পরিবারের কর্তা অসুস্থÑ এই ঈদে কিছু কেনা হয়নি। উপহার পেয়ে খুব ভালোই লাগছে।
জবেদা বেগম বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে বাবনারটেক থেকে অনেক কষ্ট করে উপহার নিতে এসেছি। ছেলেসন্তান নেই, আছে ছয়টি মেয়ে; স্বামীও অসুস্থ। আমার চেয়ে আমার পরিবারের (উপহার) প্রয়োজন বেশি।’