তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের একদিন পরও আফটারশকে কাঁপছে দেশটি। ভূমিকম্পের দ্বিতীয় দিন পর্যন্ত অসংখ্য আফটারশক রেকর্ড করা হয়েছে যার মধ্যে ৪০টি ৪ মাত্রার বেশি।
সপ্তাহের শেষ পর্যন্ত আফটারশক চলতে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নয় জন এবং আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধসে পড়া টানেল এবং ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছে শখানেকের বেশি মানুষ, জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএন জানায়, তাইওয়ানের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে ১০০ জনেরও বেশি মানুষের সন্ধান চালাচ্ছে।
তাইওয়ানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রকের বরাতে দেশটির ফায়ার এজেন্সি জানিয়েছে যে ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি বলছে, আরও ৯৬১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৬২৮ জন আশ্রয়কেন্দ্রে রয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে হুয়ালিয়েনে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এই শহরে অন্তত ১০০টি ভবনকে বিপজ্জনক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং এগুলোর বেশিরভাগই ভেঙে ফেলতে হবে।
ফায়ার এজেন্সি জানিয়েছে যে, উদ্ধারকারীরা ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে তারকো ন্যাশনাল পার্কে আটকে পড়া লোকদের সন্ধান করছে।
গেল মঙ্গলবার ২৫ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্বাঞ্চল। এতে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় শখানেক বহুতল ভবন।