ভক্তের মৃত্যুতে শোকাহত মিম

ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম এক ভক্তের মৃত্যুতে শোকাহত। নাজিয়া জাবিন নামের সেই ভক্ত পেশায় চিকিৎসক ছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মিম বলেন, আজকে আমি এমন একটা মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্যে। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিল। কিন্তু তাকে আরও ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে। 

তিনি বলেন, ডক্টর নাজিয়া, আমার এত বছরের ক্যারিয়ার এ যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সকল সিনেমার ফার্স্ট শো সে দেখত! গতবছর অন্তর্জাল যখন মুক্তি পায় সে তখন জানতে পরে আমি ওইদিন আসবো। আমার অপেক্ষায় উনি সারাদিন ওখানে বসে ছিলেন। আমি যাওয়ার পর আমাকে দেখেই সে এত খুশি হয়েছিলো। আমাকে তখনই একটা ব্রেসলেট দেয়। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেও কখনও না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই  ব্রেসলেট পরেছিলাম।


 মৃত্যুর খবর মেনে নিতে কষ্ট হচ্ছে উল্লেখ করে মিম বলেন, আজ কী মনে করে যেন আপুর প্রোফাইল এ গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছে আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপু কে অনেকবার ফোন করলাম এই আশায় যে সে ধরে বলবে সব ঠিক আছে আর আমি ভুল দেখছি।  আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে।

তিনি বলেন, জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ।  নাজিয়ার সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্যে সবাই দোয়া করবেন।