বার্সায় মেসির ১০ নম্বর জার্সি চান বার্নার্দো সিলভা

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিতে পারেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডারও যে বার্সায় যেতে আগ্রহী তা জানা গেল তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের কথা থেকে।

পর্তুগাল জাতীয় দলে সতীর্থ সিলভা ও ফেলিক্স। ফেলিক্স বর্তমানে আছেন বার্সেলোনাতে। ধারে বার্সেলোনাতে খেলছেন তিনি। এক সাক্ষাৎকারে ফেলিক্স জানিয়েছেন, সিলভা বার্সায় আসতে আগ্রহী।

বার্সেলোনা সম্পর্কে ফেলিক্সের কাছে নানা বিষয় জানতে চেয়েছেন সিলভার এক আত্মীয়। সিটিতে সিলভার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন পাউন্ড। বার্সালোনা আবার তাদের আর্থিক পরিস্থিতির কারণে বেশি খরচ করতে রাজি নয়।

ফেলিক্স বলেন, 'আমি যদি ডেকো (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) হতাম একদিনের জন্য, বার্নার্দো সিলভাকে দলে ভেড়াতাম। সিলভার আত্মীয় আমাকে জিজ্ঞেস করেছে এখানে জীবন যাপন কেমন, আবহাওয়া, ট্যাক্স ইস্যু…আমি জানিয়েছি তার আসার জন্য এটি সঠিক জায়গা।'

ফেলিক্স মনে করেন সহজে সিলভাকে ছাড়বে না ম্যানসিটি। ফেলিক্স বলেন, 'সিলভা ১০ নম্বর জার্সি পরতে পছন্দ করবে। এটি আপনি যাকে-তাকে দিতে পারেন না। আপনাকে সতর্ক থাকতে হবে। এটি আমারও পছন্দের নম্বর কিন্তু আমি কখনো পরিনি।'

বার্সেলোনাতে দীর্ঘ সময় ১০ নম্বর জার্সি পরেছেন লিওনেল মেসি। মেসি কাতালান ক্লাবটি ছাড়ার পর ১০ নম্বর জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। তবে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় তাকে। পরবর্তীতে ফাতি ধারে ব্রাইটনে যান।