বদ্ধ নর্দমা পরিষ্কার করে ভাইরাল কাউন্সিলর

দীর্ঘদিন ধরেই বদ্ধ নর্দমা। পৌর করপোরেশনে বারবার অভিযোগ দিয়েও কাজ হয়নি। আর তাই নর্দমা পরিষ্কারে নিজেই নেমে পড়লেন এক কাউন্সিলর। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার। 

এনডিটিভি জানিয়েছে, ওই কাউন্সিলরের নাম দেবেন্দ্র রাঠোর। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য। ১৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর গত মঙ্গলবার বিড়লা নগরের নর্দমা পরিষ্কার করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পৌর করপোরেশনের দল। তারা বুধবারও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখে।

দেবেন্দ্র রাঠোর বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বড় সমস্যা ছিল এই নর্দমা। বাসিন্দারা তীব্র দুর্গন্ধের মুখোমুখি হচ্ছিল এবং বিষয়টি পৌর করপোরেশনকে বলা হলেও কেউ তাতে মনোযোগ দেয়নি। এরপরে আমি কমিশনারকে বলেছি, মেয়রকে অনুরোধ করেছি এবং কাউন্সিলে বিষয়টি উত্থাপন করেছি। তারপর বুঝতে পারি, বিষয়টি নিজেকেই সমাধান করতে হবে।

তিনি বলেন, মানুষ আমাকে ভোট দিয়েছে। আমাকে তাদের ভোটের মূল্য দিতে হবে। আমি পরিচ্ছন্নতার কাজ শুরু করার পর পৌর করপোরেশনের কর্মীরাও এসে যোগ দেয়।