লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা বুঝতে শুরু করেছেন তারেক রহমান যত দিন নেতৃত্বে আছে, তত দিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা আর বের হতে পারবে না।’
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের খুলনা বিভাগের সাংগঠনিক জেলা শাখাগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি।
মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ। বিএনপি নেতাদের শোয়ার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য। তথাকথিত এই ডাক ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজির অবসান হয়েছে। আজকে ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা।’
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা কেউ করবেন না। কেউ প্রার্থী হতে চাইলে হবেন, বাধা নেই। নৌকা দেওয়া হচ্ছে না কিছু বাস্তব পরিস্থিতির কারণে।
সংসদ নির্বাচন হয়ে গেছে উল্লেখ করে কাদের বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত, মনোমালিন্য এসব যদি দৃশ্যপটে হাজির করা হয়, তাহলে আমাদের চলার পথ কঠিন হয়ে যাবে।’ দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কঠোর, এ কথা উল্লেখ করে তিনি বলেন, দলে কিছু শাস্তি শেখ হাসিনা নানাভাবে দিয়ে দিয়েছেন। কতজন অনেক বড় জায়গা থেকে নেমে গেছেন। শুধু জেলে পুরলেই শাস্তি, গায়ে আঘাত করলেই শাস্তি হয় না, শাস্তি অনেক রকম। এবার নেত্রী যে কৌশল নিয়েছেন, দলের মধ্যেও কেউ ফ্রি স্টাইল করলে শাস্তি কিন্তু পেতেই হবে। সব নোট করে রাখেন, সময়মতো ব্যবস্থা নেবেন।
১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস উপলক্ষে সেদিন মুজিবনগরে মূল অনুষ্ঠান হবে বলে জানান সেতুমন্ত্রী।