সমবায়ের নামে অর্থ আত্মসাৎ চক্রের হোতা গ্রেপ্তার

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের প্রধান মো. ফখরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩-এর একটি দল। গ্রেপ্তার ফখরুল সাতটি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি।

গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন জানান, গ্রেপ্তার ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রেপ্তার আসামি গ্রাহকদের জমা করা কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে সাতটি মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গ্রেপ্তার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়।