বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় এ হামলা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় সন্ত্রাসীরা গাড়িতে করে এসে তল্লাশিচৌকি ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে হামলাকারীরা পিছু হটে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার থানচি উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। রাত ১১টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।