গাজার বেসামরিকদের রক্ষা করতে নেতানিয়াহুকে আল্টিমেটাম দিলেন বাইডেন

সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বেসামরিকদের পাশাপাশি ত্রাণকর্মী এবং ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা বাড়িয়েছে দখলদার দেশ ইসরায়েল। যার ফলে ইসরায়েলি হামলায় গত কয়েকদিনে নিহত হয়েছে বেশ কয়েকজন বিদেশি ত্রাণকর্মী।  

এবার গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পাশাপাশি বিদেশী ত্রাণকর্মীদের রক্ষা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী্র সাথে ফোনে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন বাইডেন। রয়টার্স বলছে, গত সোমবার ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)-এর সাতজন কর্মী মৃত্যুর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় নেতানিয়াহুর উদ্দেশ্যে বাইডেন বলেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং বিদেশী ত্রাণ কর্মীদের রক্ষা করুন অন্যথায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল।

এছাড়া বেসামরিক নাগরিকদের মৃত্যু রোধে ইসরায়েলের নির্দিষ্ট, দৃঢ় পদক্ষেপের ওপর নির্ভর করছে গাজা যুদ্ধে চলমান মার্কিন সমর্থন ও সহায়তা বাড়বে কিনা, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এমন সময়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিটি এলো যখন ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন বিদেশী ত্রাণকর্মী নিহতের ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। যদিও হামলাটি অনিচ্ছাকৃত বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সমর্থনকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্রমাগত বৈশ্বিক চাপের মুখেও দেশটিতে সাহায্য বন্ধ বা অস্ত্রের চালান বন্ধ করার চাপকে প্রতিহত করে এসেছেন। তবে এবার প্রথমবারের মতো ইসরায়েলকে এই সতর্কবার্তা দিলেন বাইডেন।

সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য এই হুমকি এমন একটি বিষয় যা গাজায় প্রায় ছয় মাস বয়সী যুদ্ধের গতিশীলতা পরিবর্তন করতে পারে বলছেন বিশেষজ্ঞরা।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্রের বরাতে রয়টার্স বলছে যে, বাইডেন ও নেতানিয়াহুর আধা ঘণ্টার  ফোনালাপটি মাঝে মাঝে বেশ উত্তেজনাপূর্ণ ছিল। বাইডেন তার উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং নেতানিয়াহু গাজা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ‘স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গাজার ব্যাপারে মার্কিন নীতি নির্ধারণ করা হবে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে আমাদের মূল্যায়নের মাধ্যমে।’