দক্ষিণ আফ্রিকার আলোচিত নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ কাগিসো রাবাদার মনে। দ্বিতীয় সারির একটি দলকে টেস্ট খেলতে পাঠানোর ঘটনাটিকে তিনি বলছেন ‘অগ্রহণযোগ্য’। এ ব্যাপারে তাদের মত দেওয়ার কোনো সুযোগ ছিল না বলেও জানিয়েছেন এই পেসার। যেখানে তিনি দায় দেখছেন বোর্ডের।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে শীর্ষসারির খেলোয়াড়দের সুযোগ করে দিতে অধিনায়কসহ অভিষেকের অপেক্ষায় থাকা সাতজনকে নিয়ে টেস্ট দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজটি তারা হারে ২-০ ব্যবধানে। টেস্ট ক্রিকেটকে এভাবে দক্ষিণ আফ্রিকার মূল্যায়ন নিয়ে সমালোচনাও হয়েছে বেশ।
সে ঘটনার দিকে ফিরে তাকিয়ে রাবাদা বলেছেন, তার আশা খেলোয়াড়দের যাতে আবার এমন কিছুর মধ্য দিয়ে যেতে না হয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬২ টেস্টে ২৯১টি উইকেট নেওয়া রাবাদা বলেছেন, ‘খুব খুব অগ্রহণযোগ্য একটা ব্যাপার ছিল। এখনো অগ্রহণযোগ্য। অবশ্যই পরিকল্পনার ব্যাপার ছিল। অগ্রহণযোগ্য—আমি এটিই বলব।’
এ মুহূর্তে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে ভারতে থাকা রাবাদা আরও বলেছেন, ‘পরিকল্পনার ব্যাপার, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার শীর্ষ পর্যায়ের ব্যাপার। এটি আসলে ডাবল বুক করার মতো ঘটনা। এসএটোয়েন্টির গুরুত্ব এমন ছিল, আমাদের নিউজিল্যান্ড যাওয়ার সুযোগও ছিল না। এটা আসলে নিজের পায়ে নিজে গুলি করার মতো।’
তাদের বদলে যারা খেলেছেন, তাদের সমালোচনা করাটা অন্যায্য বলেও মনে করেন রাবাদা। টেস্ট ক্রিকেটকে সেরা সংস্করণও মনে করেন এই পেসার, ‘টেস্ট ক্রিকেট থেকেই ক্রিকেট এসেছে। আমি মনে করি টেস্টই সেরা সংস্করণ। আমার ধারণা যেসব বড় খেলোয়াড় এ সংস্করণে খেলেছেন, তারা এটিকেই নিজেদের প্রিয় সংস্করণ বলবেন। আমার কাছেও একই।’
অবশ্য টেস্ট ক্রিকেটের বর্তমান অবস্থাটাও জানেন তিনি। ‘তিন মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে টেস্ট ক্রিকেটের অবস্থাকে রাবাদা বলছেন ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে।