আড়াইহাজারে শিশু সাকিবকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় নানাবাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিক রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিকু সিকদারের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ১৭/১৮ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে তার নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে তার মা তাকে বাজারে পাঠায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে শুক্রবার সকালে তার নানাদের নতুন বাড়ির পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।