দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়, অভিযানে ভ্রাম্যমাণ আদালত

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদকে সামনে রেখে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ২০০ টাকা ভাড়া আদায়ের অপরাধে জামান এন্টারপ্রাইজ পরিবহনের ম্যানেজার সাইদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুর পৌনে দেড়টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালাত সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে কুমারখালী থেকে ঢাকাগামী পরিবহনে ৭০০ টাকার ভাড়ার সঙ্গে আরও ৩০ ভাগ বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করে বাস মালিকরা। কিন্তু জামান এন্টারপ্রাইজ আরও ২০০ টাকা বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা নিচ্ছে। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক ও পরিবহন আইন-২০১৮ অনুযায়ী বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন জনস্বার্থে আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।