বাঁশখালীতে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে একই পুকুরে পানিতে পড়ে ওয়াজিফা (৫) ও মারিয়া আক্তার (৫) নামে জোড়া শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শীলকুপের মাইজপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার মাবিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু ওয়াজিফা মাইজপাড়া এলাকার আবু ছালেকের মেয়ে। অপর শিশু মারিয়া আক্তার মাইজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শীলকুপ ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য মো. রাশেদ নুরী বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় দুই শিশু। দুপুর ১২টার দিকে হঠাৎ পুকুরে চোখ পড়তেই মারিয়ার লাশ পুকুরে ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফার।

পরে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। একই এলাকায় দুই শিশুর মৃত্যুতে শো‌কের ছায়া নেমে এসেছে।