তিন সিনিয়রের ইনিংস বড় না হওয়ায় আক্ষেপ লিপুর

সিলেট টেস্টে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। ভরসার জুগিয়েছিল সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। মুমিনুল হকও ছিলেন ছন্দে। অভিজ্ঞতায় এগিয়ে লিটন দাসও ভরসার পাত্র। তাই তিন জনের কাছেই ছিল বাড়তি প্রত্যাশা। কিন্তু অভিজ্ঞ তিন ক্রিকেটারই হতাশ করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।

আজ শুক্রবার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের ইনিংসটাই বড় হতে পারত। আমাদের একটা আক্ষেপ যে মুমিনুল একটা অবস্থানে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে। সাকিবও নিজেকে সুসংহত করতে পেরেছিলেন। লিটন দাসও যে জায়গায় চলে গিয়েছিলেন সেখান থেকে ইনিংসটা বড় করা বা তিন অঙ্কে পৌঁছে যাওয়াটা অসম্ভব কিছু ছিল না।’

ফর্ম হারানোর পরও লিটন দাসকে টেস্টে ফেরানোর হল কেন? এর উত্তরেও লিপু জানালেন অভিজ্ঞতার কথা, ‘আমাদের কিছুটা আস্থা ছিল সে তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে। আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক। সাকিব ফিরে এসেছে, মুশফিক যেহেতু নেই অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞরা যদি অভিজ্ঞতার আলোকে ক্রিকেট খেলতে না পারে তাহলে দল বেশিদূর এগোতে পারে না।’

টেস্টে ফেরাতে লিটনের রেকর্ডও ভাবনায় ছিল লিপুর, ‘আমাদের হাতে যদি পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় থাকত, প্রথম জিনিস হচ্ছে তার বিকল্প হিসেবে কাউকে নিতে পারেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে খেলোয়াড়ের এতো ভালো রেকর্ড, রেকর্ড আমাদেরকেও দেখতে হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’