বিএনপি ভয়ে আবোল তাবোল বকছে: আইনমন্ত্রী

কোনো দল যখন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে তখন তারা আবোল তাবোল বলতে থাকে। তাই বিএনপি এখন আবোল তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে  ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য বলেন।

ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

আইনমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে ছিল বাংলাদেশের সকল নাগরিক পুরুষ এবং মহিলা সকলেই সমান অবদানের অধিকারী হবেন। এটা তিনি সংবিধানের মধ্যে লিখে দিয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে নিজের পায়ে দাড়াঁনোর জন্য এবং নারীদেরকে ক্ষমতায়নের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে এই হার পাওয়ার প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দেশের জনসংখ্যার শতকরা ৫০ ভাগ নারী। এই ৫০ ভাগ নারী যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু এই দেশ বা জাতি কোনোদিন এগোতে পারবে না।